কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিদ্যুতের লাইন ছিঁড়ে বসতবাড়ির ওপর পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কেদার মোল্লাপাড়া লিগ্যাল ক্লাবের পাশে দোজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহত কিংবা আর্থিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে দোজাহান মিয়ার বসতবাড়ির ওপর পড়ে। এতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হলেও প্রথম দিকে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে যোগাযোগ হলে বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করেন। মেরামত শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যুৎ লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।