পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যে তাকে একপর্যায়ে এ্যানি চৌধুরীর নাম জড়িয়ে টাকা লেনদেন সংক্রান্ত আপত্তিকর কথা বলতে শোনা যায়। নোটিশে বলা হয়েছে, এই মন্তব্যটি সম্পূর্ণ মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার ফলে মন্ত্রীর ব্যক্তিগত সম্মান ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের শামিল। নির্ধারিত ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আদালতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।