টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সবুজ (১৪) নামের এক কিশোর চালককে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার মূলহোতা শাহীন (৩০) ও তাঁর সহযোগী হাবিবকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বহেরাতৈল ইউনিয়নের আন্দিগ্রাম এলাকার গভীর জঙ্গল থেকে সবুজের মাথার খুলি, চুল ও হাড়সহ মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার পরনের শার্ট ও স্যান্ডেলও উদ্ধার করা হয়।
দুপুরে এসআরবি-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা।
তিনি জানান, নিহত সবুজ সখীপুর উপজেলার মিলপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে। জীবিকার তাগিদে সে ভাড়ায় অটোভ্যান চালাত। গত ২৬ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ সেপ্টেম্বর সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর থানার সুতী পলাশ এলাকায় চোরাই অটোভ্যানসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয় লোকজন আব্দুল করিম ও রফিকুল ইসলাম নামের দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিব ও শাহীন পালিয়ে যান বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।
পরে সবুজের বাবা বাদী হয়ে গত ১৫ অক্টোবর সখীপুর থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় অভিযোগ আনা হয়।
মো. মাসুদ রানা জানান, সবুজ নিখোঁজ হওয়ার পর থেকেই এসআরবি-১৪-এর টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি হাবিবকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মামলার মূলহোতা শাহীন ও কিশোরের মরদেহের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।
এরপর সখীপুরের বহেরাতৈল ইউনিয়নের আন্দিগ্রাম এলাকার গভীর জঙ্গলে অভিযান চালানো হয়। তবে রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের কারণে প্রথম দফায় অভিযান সফল হয়নি। পরে অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টার দিকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী জঙ্গলে তল্লাশি চালিয়ে সবুজের মাথার খুলি, চুল, হাড়সহ মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এ সময় তার পরনের শার্ট ও স্যান্ডেলও পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই সবুজকে অপহরণ ও হত্যা করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা। তিনি আরও জানান, গ্রেপ্তার হাবিব ও শাহীনকে উদ্ধার করে আলামতসহ সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।