1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

মৌসুম শেষেই ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা

ডেস্ক নিউজ
May 19, 2026 5:58 pm
Link Copied!

ইংলিশ ফুটবলের আধুনিক ইতিহাস ও সফলতার এক সোনালী অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ইতিহাদ স্টেডিয়ামের ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি কিংবা মাথায় হাত বুলিয়ে রণকৌশল সাজানোর দৃশ্য হয়তো আর দেখা যাবে না। চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা। বিশ্বস্ত ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য অ্যাথলেটিকের পৃথক প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

ম্যানচেস্টার সিটির সাথে গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই ডাগআউট ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে সিটিজেনদের প্রধান কোচ হিসেবে ৫৫ বছর বয়সী গার্দিওলার শেষ ম্যাচ। ২০১৬ সালে ম্যানচেস্টারে পা রাখার পর গত এক দশকে ইংলিশ ফুটবলকে নিজের মতো করে শাসন ও সংজ্ঞায়িত করেছেন সাবেক এই বার্সেলোনা কোচ। তাঁর জাদুকরী কোচিংয়ে সিটির ট্রফি ক্যাবিনেটে যোগ হয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়া ক্লাব ইতিহাসের প্রথম বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগসহ মোট ২০টি মহামূল্যবান ট্রফি এসেছে তাঁর হাত ধরেই। গত শনিবারও চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যান সিটি, যা সম্ভবত ক্লাবটির হয়ে পেপের শেষ ট্রফি হয়ে রইল।

ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, স্পনসর ও পার্টনারদের কাছে ইতিমধ্যে পেপ গার্দিওলার বিদায়ের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রিয় গুরুকে রাজকীয় ও স্মরণীয় বিদায় জানাতে আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি বিশেষ ছাদখোলা বাস প্যারেডের পরিকল্পনা করেছে ক্লাব কর্তৃপক্ষ। শহরের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে এই বর্ণাঢ্য প্যারেড শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের সামনে। অন্যদিকে গার্দিওলার বিদায়ের গুঞ্জন চাঙ্গা হতেই তাঁর শূন্যস্থান কে পূরণ করবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জোর জল্পনা। উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন চেলসির সাবেক কোচ ও গার্দিওলারই সাবেক সহকারী এনজো মারেসকা। এছাড়া বায়ার্ন মিউনিখের বর্তমান বস এবং সিটির সাবেক কিংবদন্তি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির নামও জোরেশোরে শোনা যাচ্ছে।