1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

ডেস্ক নিউজ
May 20, 2026 2:27 pm
Link Copied!

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, “অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।” বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রায় তিন কোটি মানুষের এই মেগাসিটিতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার জালিয়াতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানীর যানজট ও আধুনিকায়ন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে গুরুত্বপূর্ণ সড়কে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশনও চালু করা হয়েছে। এছাড়াও নাগরিকদের জন্য ‘অনলাইন জিডি’, অপরাধের তথ্য শেয়ার করার অ্যাপ “হ্যালো ডিএমপি” এবং অপরাধী শনাক্তকরণে “হোটেল বোর্ডার সিস্টেম” সহ বেশ কিছু প্রযুক্তি নির্ভর সেবা চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহার প্রস্তুতি উল্লেখ করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পশুর হাট, ঈদ জামাত এবং ফাঁকা ঢাকার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস-লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জালনোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশ সক্রিয় রয়েছে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনি নাগরিকদের পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।

টেকসই আইনশৃঙ্খলার জন্য নগরবাসীর সহযোগিতা চেয়ে কমিশনার বলেন, “আপনার এলাকায় কোনো ছিনতাইকারী, কিশোর গ্যাং বা চাঁদাবাজের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান বা ৯৯৯-এ কল করুন। তথ্য পাওয়ার পর কোনো পুলিশ সদস্য ব্যবস্থা নিতে বিলম্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা লেখনীর মাধ্যমে যেমন পুলিশের গঠনমূলক সমালোচনা করবেন, তেমনি ভালো কাজেরও প্রচার করে নগরবাসীকে সচেতন করতে ভূমিকা রাখবেন।

উক্ত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।