টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা - ১০০০মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

বাজারে ৫ টাকার নতুন নোট

ডেস্ক নিউজ
মে ১৯, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে আজ মঙ্গলবার (১৯ মে) থেকে অবমুক্ত করা হয়েছে নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই নতুন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন এই ৫ টাকার নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিলিমিটার × ৬০ মিলিমিটার, যেখানে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের সম্মুখভাগের বামপাশে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি স্থান পেয়েছে। তবে এই নোটের সবচেয়ে উল্লেখযোগ্য এবং নতুন সংযোজন হলো এর পিছনভাগ, যেখানে ঐতিহাসিক ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের দিক থেকে নোটটিকে অত্যন্ত সুরক্ষিত করা হয়েছে। আলোর বিপরীতে ধরলে নোটের বামদিকে কাগজের ভেতরে প্রবিষ্ট ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতাটি উভয় দিক থেকেই স্পষ্টভাবে দেখা যাবে। জলছাপ হিসেবে এতে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’ এবং তার ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’। এছাড়া নোটের সম্মুখভাগের নীচের গ্রিউইশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্ট হিসেবে আণূভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দটি মুদ্রিত রয়েছে।

অর্থ বিভাগ স্পষ্ট করেছে যে, নতুন ডিজাইনের এই নোটটি বাজারে আসার পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের সব কাগজের নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। একই সাথে মুদ্রা সংগ্রাহকদের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে ৫ টাকা মূল্যমানের অবিনিময়যোগ্য কিছু নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।