1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

ছাত্রদল সভাপতির অনুরোধ: ‘নাহিদ, নীরব থাকুন’

ডেস্ক নিউজ
November 5, 2026 7:28 pm
Link Copied!

পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে ইতিমধ্যে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নিজেকে জাতির সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন না করার জন্য নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে তিনি উল্লেখ করেন যে, লক্ষ লক্ষ পোশাক শ্রমিকের মাঝে সামান্যসংখ্যক শ্রমিকও তার এই নির্দেশ পালন করেননি।

ছাত্রদল সভাপতি আরও লিখেন, এ ধরনের অপমানজনক পরিস্থিতি মেনে নিতে কষ্ট হয়। জামায়াতকেন্দ্রিক পিছুটান থাকায় দেশের পক্ষে সঠিক অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হলে প্রয়োজনে নীরব থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তবুও জুলাইয়ের অগ্রসৈনিক হিসেবে নিজের ভাবমূর্তি বা ইমেজকে এভাবে যেন তিনি ভূলুণ্ঠিত না করেন।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে নাহিদ ইসলাম শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করবে এবং রাষ্ট্রীয়ভাবে নির্যাতন চালিয়ে দমনপীড়ন চালাবে, তবে এর বিরুদ্ধে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখতে হবে এবং জনগণ তাদের সঙ্গে রয়েছে।