জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি, আত্মত্যাগ ও শহীদ যোদ্ধাদের অবদান সংরক্ষণে অবশেষে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকালে গণভবন প্রাঙ্গণে প্রামাণ্য ইতিহাস সমৃদ্ধ এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উদ্বোধন পর্বের বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। উদ্বোধনের অংশ হিসেবে জুলাই আন্দোলনের ইতিহাস, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিজয়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পাবে।
জাদুঘর নির্মাণ প্রকল্পে দুর্নীতির কোনো সুযোগ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী স্পষ্ট জানান, প্রকল্পের দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান নিশ্চিত করেন যে, বুধবার উদ্বোধনের পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের দর্শনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম গণঅভ্যুত্থানের প্রামাণ্য নথিপত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন দেখার সুযোগ পাবেন।