দীর্ঘ প্রায় দুই বছর পর ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হতে যাওয়া এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।
ভারতের রাজধানী দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পা রাখার পর থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগমাধ্যম ও আনুষ্ঠানিক গণমাধ্যমের প্রকাশ্য উপস্থিতি থেকে দূরে ছিলেন। সে হিসেবে নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আয়োজিত এই সভাটি হতে যাচ্ছে তাঁর প্রথম বড় ধরনের প্রকাশ্য প্ল্যাটফর্ম।
আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা সভায় শেখ হাসিনা তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা তুলে ধরতে পারেন।
শেখ হাসিনা ও সাকিব আল হাসান ছাড়াও এই প্যানেলে বাংলাদেশের আরও কয়েকজন বিশিষ্ট পরিচিত মুখ যুক্ত হবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতাদের ওপর চলমান আইনি ও রাজনৈতিক চাপের মধ্যে এমন প্রকাশ্য উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় সৃষ্টি করেছে।