দেশের অটোমোবাইল শিল্পে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যোগাযোগের পরিধি বাড়াতে নতুন তিনটি নিউ এনার্জি ভেহিকল (এনইভি) বা পরিবেশবান্ধব গাড়ি বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD)। গত রবিবার (১৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বিওয়াইডি সিল ৫’ (BYD Seal 5), ‘বিওয়াইডি সিল ৬’ (BYD Seal 6) এবং ‘বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’ (BYD Sealion 6 AWD) মডেলের গাড়ি তিনটির মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে আগে থেকে প্রি-অর্ডার করা ৬০ জন গ্রাহকের হাতে নতুন গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেতসু ঝাং। এছাড়া সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন এবং চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশেরসহ ব্যবসায়ী অংশীদার ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিওয়াইডি বাংলাদেশের সিএমও ইমতিয়াজ নওশের বলেন, দেশের পরিবহন খাতকে স্মার্ট ও পরিবেশবান্ধব করতে হাইব্রিড ও ফুল ইলেকট্রিক প্রযুক্তির এই গাড়িগুলো গ্রাহকদের আধুনিক জীবনযাত্রার চাহিদা পূরণ করবে।
নতুন গাড়িগুলোর বৈশিষ্ট্য ও কার্যক্ষমতা:
বিওয়াইডি সিল ৫ (প্লাগ-ইন হাইব্রিড): এটি বিওয়াইডির নিজস্ব ডিএম-আই প্রযুক্তি এবং ‘ব্লেড ব্যাটারি’ সম্বলিত একটি সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান গাড়ি। ১৫০০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের এই গাড়িটি সর্বোচ্চ ১৫৪ কিলোওয়াট ক্ষমতা ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। ফুল চার্জ ও ফুল ফুয়েল ট্যাংকে গাড়িটি একনাগাড়ে ১,০০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। গাড়িটিতে আধুনিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা, ৬টি এয়ারব্যাগ এবং ১২.৮ ইঞ্চির ইনফোটেনমেন্ট ডিসপ্লে রয়েছে।
বিওয়াইডি সিল ৬ (ফুল ইলেকট্রিক): সম্পূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তির এই সেডান গাড়িটি একবার ফুল চার্জে ৪১০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারবে। রিয়ার-হুইল ড্রাইভের এই গাড়িতে রয়েছে ডিসি ফাস্ট চার্জিং সুবিধা, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো এবং পিএম ২.৫ এয়ার ফিল্টারেশন সিস্টেম।
বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি (প্রিমিয়াম হাইব্রিড এসইউভি): অল-হুইল ড্রাইভের এই বিলাসবহুল প্লাগ-ইন হাইব্রিড এসইউভি গাড়িটি কেবল ব্যাটারির শক্তিতে ১২৮ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং দূরপাল্লার পথের জন্য এতে ১৫০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে। গাড়িটিতে ১৫.৬ ইঞ্চির বিশাল ডিসপ্লে, ইনফিনিটি সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ এবং ৭টি সেফটি এয়ারব্যাগ যুক্ত করা হয়েছে।
বাজারমূল্য:
বাংলাদেশের বাজারে ক্রেতাদের জন্য ‘বিওয়াইডি সিল ৫’ মডেলটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা (প্রথম ৫০০ ইউনিটের জন্য)। সম্পূর্ণ বৈদ্যুতিক ‘বিওয়াইডি সিল ৬’ মডেলটির দাম ধরা হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া প্রিমিয়াম ক্যাটাগরির এসইউভি ‘বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি’ মডেলটি দেশের বাজারে ৭১ লাখ ৯০ হাজার টাকায় পাওয়া যাবে। প্রতিটি গাড়ির সাথেই বিওয়াইডির অফিসিয়াল ওয়ারেন্টি এবং সর্বোচ্চ নিরাপদ ‘ব্লেড ব্যাটারি’ প্রযুক্তি নিশ্চিত করা হয়েছে।