1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খবরের দিগন্ত
  5. খেলাধুলা
  6. তথ্য প্রযুক্তি
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ খবর

দিল্লিতে যোগাযোগ করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ
October 22, 2026 11:08 am
Link Copied!

ক্ষমতাসীন বিএনপি দিল্লির সঙ্গে গোপনে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ রক্ষা করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের অন্যতম বিরোধীদলীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক অভিযোগ আনেন।

জামায়াত নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতাসীন দল বিএনপি আওয়ামী লীগকে আবার গোপনে দেশে রাজনীতি করার পরোক্ষ সুযোগ তৈরি করে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিরাপদ রাজনৈতিক পুনর্বাসনের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নানান ছক আঁকা হচ্ছে, যার পেছনে দিল্লির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ কাজ করছে।

একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট ও আকাশচুম্বী মূল্যস্ফীতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি উল্লেখ করেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অব্যাহত দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কিন্তু সরকার নিজেদের প্রশাসনিক ব্যর্থতা, বাজার সিন্ডিকেট ও চাঁদা বাণিজ্য বন্ধ করার কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো বিরোধী দলগুলোর ওপর দোষ চাপানোর অরাজনৈতিক চেষ্টা করছে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, বাংলাদেশ লেবার পার্টিসহ বিরোধী জোটের অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় গণতন্ত্র সুরক্ষা ও গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।